গত ছয় মাসে ২৫ বাংলাদেশীকে হত্যা করেছে ভারতীয় বাহিনী বিএসএফ/Islamer Alo 24
চলতি বছরের প্রথম ছয় মাসে অন্তত ২৫ বাংলাদেশীকে হত্যা করেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
মানবাধিকার সংগঠন অধিকারের এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।
সোমবার প্রকাশিত এ রিপোর্টে আরো বলা হয় যে বিএসএফ আরো ১৭ জনকে আহত ও তিনজন বাংলাদেশী নাগরিককে অপহরণ করেছে।
রিপোর্টে বলা হয়, ২০২০ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতিবেশী দেশের সীমান্ত রক্ষী বাহিনীর হাতে মোট ৪৫ বাংলাদেশী নাগরিক হতাহত হয়েছে।
বহুল আলোচিত এক বাংলাদেশী কিশোর শিক্ষার্থীর প্রসঙ্গে টেনে রিপোর্টে বলা হয়: এই সময়ে বিএসএফ সদস্যরা বাংলাদেশে প্রবেশ করে কৃষিকাজে নিয়োজিত একজন এসএসসি পরীক্ষার্থীকে গুলি করে হত্যা করে।
গত ১৯ এপ্রিল ঠাকরগাঁও জেলার সীমান্তে শিমন রায়, ১৬, নামে ওই শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয় বলে স্থানীয় সংবাদপত্রের খবরে বলা হয়।
এসব সীমান্ত হত্যাকে খুবই দুঃখজনক ও অগ্রহণযোগ্য উল্লেখ করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ডাইরেক্টর অপারেশনস লে. কর্নেল ফায়েজুর রহমান বলেন, এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের বিভিন্ন পর্যায় থেকে অনেক প্রতিবাদলিপি পাঠানো হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো সীমান্তে হত্যা থামছে না এবং আমরা বলতে পারছি না যে ভবিষ্যতে এ ধরনের হত্যাকাণ্ড ঘটবে না।
বাংলাদেশ থেকে ভারতে কথিত অনুপ্রবেশ রোধে ভারতের সীমান্ত রক্ষীরা বিতর্কিত ‘দেখামাত্র গুলি করা’র নীতি অনুসরণ করায় দুই দেশের মধ্যে ৪,০৯৬ কিলোমিটার সীমান্তজুড়ে এ ধরনের হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে।


0 Comments: